ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সেমির আগে দুঃসংবাদ ইংল্যান্ডের

টি-টুয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল ইংল্যান্ড জাতীয় দল। বিস্ফোরক ওপেনার জেসন রয়কে হয়তো আর টুর্নামেন্টে পাচ্ছে না থ্রি লায়ন্স। এখনো নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও রয়ের দলে ফেরার আশা এখন খুবই ক্ষীণ।


শনিবার শারজায় দক্ষিণ আফ্রিকার কাছে জয়রথ থামে ইংল্যান্ডের। যদিও ইয়ন মরগ্যানের দলের বাড়তি চিন্তার কারণ হয়ে আসে ওপেনার জেসন রয়ের ইনজুরি। প্রোটিয়াদের বিপক্ষে ইনিংস উদ্বোধন করতে নেমে ইনজুরিতে পড়েন এই তারকা ক্রিকেটার।


দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া ১৯০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দেখেশুনেই শুরু করেছিলেন রয়। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে তার ওপেনিং সঙ্গী জস বাটলারের ডাকে সাড়া দিয়ে সিঙ্গেলস নেওয়ার সময় ক্রিজের মাঝপথেই বাঁ-পায়ের মাংসপেশিতে (কাফ মাসল ইনজুরি) টান লাগে তার।


এ সময় কোনো মতে রান সম্পন্ন করলেও আর একা উঠে দাঁড়াতে পারেননি রয়। মাঠে শুয়ে পড়ে অনেকক্ষণ চোখমুখ ঢেকে রেখেছিলেন। এরপর ফিজিও এবং সতীর্থের কাঁধে ভর দিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন এই তারকা ক্রিকেটার।


ইনজুরির গভীরতা রয় হয়তো আগেভাগেই বুঝে ফেলেছিলেন। ম্যাচ চলাকালীন বাউন্ডারির বাইরে বসেও তাই চোখের পানি ফেলেছেন তিনি। ম্যাচে আর ব্যাটিং করতে না নামা রয়কে ম্যাচ শেষে ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে দেখা যায়।


ম্যাচের পর ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান রয়ের ব্যাপারে নিশ্চিত করে কিছুই জানাতে পারেননি। মরগ্যান বলেন, আমাদের কাছে চোটটা ভালো ঠেকছে না। আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব। তাকে স্ক্যান করতে পাঠানোর আগে তার চলাফেরা পর্যবেক্ষণ করে দেখা হবে। আমরা আশাবাদী- সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। যাতে শেষ এক বা দুই ম্যাচে তাকে দলে পাওয়া যায়।


উল্লেখ্য, রানিং বিটুইন দ্য উইকেটের সময় মাংসপেশিতে টান ধরা পড়লেও ধারণা করা হচ্ছে- রয় আগেই হয়তো সে জায়গাতে আঘাত পেয়েছিলেন। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় শেষ ওভারে বাউন্ডারি বাঁচাতে গিয়ে রয় আছড়ে পড়েছিলেন বাউন্ডারির বাইরে। আর তখন থেকেই অস্বস্তিতে ভুগছিলেন এই ইংলিশ ক্রিকেটার।

ads
ads
ads

Our Facebook Page

↑